নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এই পদে তাঁর নিয়োগ প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই সম্মতি বিষয়টি ঢাকাকে জানিয়েছে। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।আসাদ আলম সিয়াম নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।
রিয়াজ হামিদুল্লাহকে ইতিমধ্যে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে গত ১৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। এখন এই প্রস্তাবে সম্মতি দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক।
তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সূত্র: প্রথম আলো