বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে পরিবারের হয়ে মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। শেষকৃত্য নিয়েও পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। যশ রাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন।
এই কঠিন সময়ে পরিবার তাঁদের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানানোয় সবার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে এই গভীর শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’ মেয়ের ক্যারিয়ারে মায়ের বড় ভূমিকা কৃষ্ণা মুখার্জি শুধু রানী মুখার্জির মা ছিলেন না, মেয়ের অভিনয়জীবনের শুরুতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রানী বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের কথা বলেছেন।
এমনকি একবার জানিয়েছিলেন, তিনি নিজে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেননি—মা–ই তাঁকে অভিনেত্রী হওয়ার কথা বলেছিলেন।তবে মেয়ের প্রথম স্ক্রিন টেস্ট দেখে কৃষ্ণা এতটাই হতাশ হয়েছিলেন যে রানীকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন প্রযোজককে।
সূত্র: প্রথম আলো