সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতকে জানিয়েছে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি ওবায়দুর রহমানের প্ররোচনায় গত ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মাকছুদা। এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর বাবা মামলা করেন, যাতে গাজী নজরুল, মাকছুদা এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলায় গাজী নজরুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন এবং ওবায়দুর এখনো পলাতক।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। এই ঘটনার পর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেয়।
সূত্র: প্রথম আলো