চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও তাঁর দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।দুদক জানায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়।
এর কারণ জানতে চাইলে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি নিবন্ধনের বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়।পরে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন।
সূত্র: প্রথম আলো