প্রায় সাত মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ প্রত্যাহার ও সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে। আর ওয়াশিংটন বলেছে, ইতিবাচক ফলাফলের সম্ভাবনা থাকলে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলা চালায় ইরান।
গত জুনের মাঝামাঝি সময়ে সমঝোতার ভিত্তিতে কিছুদিনের জন্য পাল্টাপাল্টি হামলা বন্ধ ছিল। কিন্তু চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় আবার পাল্টাপাল্টি হামলা ও অবরোধ শুরু হয়। যুদ্ধ শুরুর প্রায় সাত মাস হতে চললেও তা বন্ধের তেমন কোনো উদ্যোগ নেই।এরই মধ্যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতে সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন।
এর আগে গত রোববার ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই ইরানের প্রেসিডেন্টের।
সূত্র: প্রথম আলো