পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্দার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। আইজিপি মো. আলী হোসেন ফকির রাশিয়ান রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সাইবার নিরাপত্তা ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন আইজিপি।
সূত্র: প্রথম আলো