মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে বেরিয়েছিলেন দুই বন্ধু। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার নাম মো. সুমন (২০)। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর বন্ধু রবিউল (২২) আহত হন। সুমন গ্রিলের কাজ করতেন।
একই দিনে বনানীতেও বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রবিউল প্রথম আলোকে বলেন, তাঁরা সুমনের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। ভাটারার সাঈদনগর এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে তাঁরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতাল হয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।
সূত্র: প্রথম আলো