‘মায়ার জঞ্জাল’ দিয়ে ১৯ বছর পর বড় পর্দায় ফিরেছিলেন অপি করিম, সিনেমাটি এবার ওটিটিতে আসছে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটি আজ বুধবার রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে। এটি অপি করিমের দ্বিতীয় সিনেমা।‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ফড়িং, একটি বাঙালি ভূতের গপ্পো, ভালোবাসার শহর দিয়ে প্রশংসা কুড়ানো পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। প্রায় দুই দশক পর সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে অপি করিম বলেছিলেন, ‘প্রথমে লেখাপড়া আর পরে কাজের চাপে সিনেমায় নিয়মিত হতে পারিনি। কিন্তু নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কারণে এ সিনেমা করেছিলাম। তাঁর “ফড়িং”, “ভালোবাসার শহর” অনেক ভালো লেগেছিল।
বিশেষ করে “ভালোবাসার শহর”–এ জয়া (আহসান) আপুর অভিনয় এত ভালো লেগেছিল যে আমারও একটু কাজ করার আগ্রহ হয়েছিল।
সূত্র: প্রথম আলো