রাজধানীর বনশ্রী ও আফতাবনগরের মাঝ দিয়ে বয়ে যাওয়া রামপুরা (বেগুনবাড়ী) খালের ওপর নির্মিত হয়েছে ৪২ মিটার দীর্ঘ একটি পদচারী–সেতু। সেতুটি নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যয় হয়েছে ১৩ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকা।আজ বুধবার বিকেলে সেতুটির উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।
এরপর সেতুটি পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।ডেমরাগামী রামপুরা-বনশ্রী সড়কের ফরাজী হাসপাতালের পাশে নির্মিত সেতুটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার। স্টিলের কাঠামোর ওপর কংক্রিটের স্ল্যাব ও টাইলস বসিয়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে।এত দিন এই এলাকার বাসিন্দাদের খাল পার হতে বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করতে হতো। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন এই পথে চলাচল করতে হয়।
সেতুটি চালু হলে তাঁদের খাল পারাপারের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।একই খালে আরও দুটি সেতু বেগুনবাড়ী খালের ওপর পদচারী–সেতুটির পাশাপাশি আরও দুটি সেতু নির্মাণ করছে ডিএনসিসি।
সূত্র: প্রথম আলো