২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয় এস আলম গ্রুপ। নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হতো গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলমের (এস আলম) চট্টগ্রামের পটিয়ার বাড়ি ও আছদগঞ্জের ব্যবসায়িক কার্যালয়ে রাখা বিশেষ বাক্সে। বেশির ভাগ ক্ষেত্রে ছিল না প্রতিযোগিতামূলক লিখিত বা মৌখিক পরীক্ষা।
বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৩২ জনের মধ্যে ৮ হাজার ৯৯ জন অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ হলেন চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ৫ হাজার ১৪৮ জনের বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়।
অর্থাৎ এ সময়ে ব্যাংকটির মোট নিয়োগের প্রায় ৪৮ শতাংশই হয়েছে একটি উপজেলা থেকে।বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজন বিবেচনা না করে ব্যক্তিস্বার্থনির্ভর এসব নিয়োগ দেওয়ায় ব্যাংকটির বেতন ব্যয় বেড়েছে, তৈরি হয়েছে আঞ্চলিক মেরুকরণ ও কেন্দ্রীভূত ঝুঁকি।
সূত্র: প্রথম আলো