বিশ্ববাজারে তেলের দাম টানা ছয় দিন ধরে কমছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। গত জুন মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রথম আলোচনায় বসেছে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের প্রস্তুতি চলছে।আজ বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমে আসে।
ফলে টানা ষষ্ঠ দিনের মতো দাম কমবে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে; গত বছরের আগস্টের পর যা এবারই প্রথম।এদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে। গত পাঁচ দিনে এই তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে।গতকাল মঙ্গলবার তেলের দাম কমার পেছনে সৌদি আরবের এক ঘোষণারও ভূমিকা আছে। দেশটি জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন আবার চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একই সঙ্গে লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করার প্রস্তুতি চলছে।তেলের দাম কমে আসায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও নতুন উচ্চতায় উঠেছে।
সূত্র: প্রথম আলো