যোগদানের প্রথম দিনেই আইনজীবীদের বিরোধিতার মুখে পড়েছেন বগুড়ার নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান। আজ বুধবার দুপুরে আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুনানি স্থগিত করে এজলাস ত্যাগ করেন বিচারক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে মো. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে আদালতের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে মো. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবি জানানো হয়।প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে এজলাসে ওঠেন মো. মনিরুজ্জামান। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী আবদুল ওহাব একটি মামলার শুনানির আবেদন করেন।
বিচারক আবেদনটি মঞ্জুর করে শুনানি শেষ করেন।
সূত্র: প্রথম আলো