কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আজ বুধবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর একজনকে এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করার পর আরেকজনকে হত্যায় নেতৃত্ব দিয়েছিলেন জাফর আলম।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালে মারা যান এবং সালাহউদ্দিন আহমদ ২০১৫ সালে গুমের শিকার হয়েছিলেন।এ বিষয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর একজনকে এবং সালাহউদ্দিন আহমদকে অপহরণের পর একজনকে—এই দুজনকে জাফর আলমের নেতৃত্বে হত্যা করা হয়।
সূত্র: প্রথম আলো