সিলেটের গোয়াইনঘাটের নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বাবলা লিটন (২৮) নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে সীমান্তের নলজুড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়। গুলিবিদ্ধ মো. বাবলা লিটন গোয়াইনঘাটের নলজুড়ি এলাকার বাসিন্দা। গুলিটি তার হাতে লেগেছে। ঘটনার সময় তাঁর সঙ্গে আরও সাত থেকে আটজন ছিলেন।
গোয়াইনঘাট থানায় বিজিবির পক্ষ থেকে করা একটি মামলা থেকে এসব তথ্য জানা গেছে। ওই মামলায় বাবলা লিটন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সীমান্ত পিলার ১২৭৮/৪-সংলগ্ন এলাকা দিয়ে বাবলা লিটনসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করেন।
তখন তাঁরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করেন।
সূত্র: প্রথম আলো