হাতে স্মার্টফোন নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন। তবে কারও চোখ ফোনের পর্দায় নেই। সবাই মনোযোগ দিয়ে পড়ছেন ছাপা পত্রিকা। নিজ নিজ পছন্দ অনুযায়ী খবর বেছে নিচ্ছেন তাঁরা।গাইবান্ধা শহরের মহুরীপাড়া কাঠপট্টি এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আসাদুজ্জামান পত্রিকাফলকের সামনে গত রোববার দুপুরে এমন দৃশ্যই দেখা যায়। সেখানে পত্রিকা পড়ছিলেন শহরের পশ্চিমপাড়া এলাকার ব্যবসায়ী সুজন প্রসাদ (৫৫)।
তিনি বলেন, ‘ফোনে বেশিক্ষণ পত্রিকা পড়লে চোখ ক্লান্ত হয়ে যায়। ভালো লেখকের কলামগুলোও অনেক সময় পাওয়া যায় না। তাই ছোটবেলা থেকেই ছাপা পত্রিকা পড়ি। পত্রিকা পড়া নেশা হয়ে গেছে।’সুজন প্রসাদ জানান, আগে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত পত্রিকা রাখতেন। গত ছয় মাস ধরে সংস্কারকাজের জন্য দোকান বন্ধ। কিন্তু পত্রিকা পড়া বন্ধ রাখেননি।একই ফলকের সামনে দাঁড়িয়ে পত্রিকা পড়ছিলেন গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকার মো. মোদাচ্ছেরুজ্জামান (৫৭)।
তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।
সূত্র: প্রথম আলো