প্রথমবারের মতো জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ শুরু হয়েছে ইতিমধ্যেই। যারা নিয়মিত এই রিয়্যালিটি শো দেখেন, তারা জানেন, বিগ বসের ঘরে নানা কিছু চলতেই থাকে। কখনো ভালো সময়, কখনো আবার বিতর্ক। এবার সেখানে টালিউড অভিনেত্রী নন্দিনী দত্তকে ঘিরে চলছে নানা আলোচনা। ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ককে কেন্দ্র করে আরেক অভিনেত্রী আহত হওয়ার ঘটনায়ও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নন্দিনী।
টাস্ক চলাকালীন নন্দিনীর টানাহেঁচড়ায় পড়ে গিয়ে গুরুতর জখম হন আরেক প্রতিযোগী—এমন অভিযোগ ঘিরে সরগরম নেটপাড়া। তবে বিগ বসের ঘরে আসার আগেই কলকাতার বাংলা টেলিভিশনে নিজের পরিচিতি তৈরি করেছেন নন্দিনী। জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে বনলতার চরিত্রে তাঁকে দেখা গেছে। ক্যারিয়ারের শুরুতে একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন। পাশাপাশি সিরিজেও অভিনয় করেছেন নন্দিনী।
অভিনয়জীবনের বয়স খুব বেশি না হলেও নিজের অভিনয়গুণে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: প্রথম আলো