দেশি-বিদেশি ২৫০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী চামড়া ও পাদুকা মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘১০ম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’ শীর্ষক এ মেলা শুরু হয়। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশ (লেট’স বি) ও লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজক।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।বিটিএর জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ।অনুষ্ঠানে আয়োজকেরা জানান, বড় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশে প্রায় ৫ হাজার ৫০০টি ক্ষুদ্র পাদুকা কারখানা রয়েছে।
সূত্র: প্রথম আলো