আগুন-বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বিরোধী দলকে সতর্ক করে দিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিরোধী দলসহ সবাইকে ন্যূনতম বোঝাপড়ার জায়গায় কাজ করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না। কারণ, তাঁরা অত্যন্ত ভয়ংকর জায়গা থেকে মদদ পাচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে পৃথক কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কথা বলেন। সকালে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে গণতন্ত্র তো দূরের কথা, রাষ্ট্রই আর টিকবে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হলে যত কর্মসূচি, বিতর্ক বা তীব্র সমালোচনা থাকুক না কেন, একটি ন্যূনতম যোগসূত্র বা বোঝাপড়ার জায়গায় কাজ করতে হবে।
সূত্র: প্রথম আলো