ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি (এলএএবিআরএসিইউ) ফুটসাল লিগ ২০২৬-এর শিরোপা জিতেছে অ্যামিকাস ইউনাইটেড। ফাইনালে ইনভিক্টাস ভিক্টরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।এলএএবিআরএসিইউ আয়োজিত এবারের ফুটসাল লিগে অংশ নেয় ১২টি দল।
টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল ডি জুরি একাডেমি।১৯ সেপ্টেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এলএএবিআরএসিইউ ফুটসাল লিগ ২০২৬।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ডেভিড ডাওল্যান্ড।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলএএবিআরএসিইউর সভাপতি মেহের নিগার, সহসভাপতি ইয়াসির আদনান, সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান, বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই রিলেশনস ম্যানেজার ফরহাদ হোসাইন এবং ডি জুরি একাডেমির অন্যতম স্বত্বাধিকারী রফিকুল ইসলাম শিমুল।টুর্নামেন্টটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন এলএএবিআরএসিইউর ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম।আয়োজকেরা জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সূত্র: প্রথম আলো