ওরহান গাজী হচ্ছে ওসমানীয় সাম্রাজ্যের সূচনায় এক মহা অধ্যায়। তাঁর বিজয়গাথা ওসমানীয় সাম্রাজ্যের শুধু পরিধিই বাড়ায়নি, বরং ভিত মজবুত করেছে একটি নতুন গঠিত সাম্রাজ্যের। বাবা ওসমান গাজীর গড়ে তোলা স্বাধীন ক্ষুদ্র ওসমানীয় রাষ্ট্রকে তিনি সম্প্রসারণ করে স্থিতিশীলতা দিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন সাম্রাজ্যের ভিত্তি। তাই ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে ওরহান গাজীর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
তবে দুঃখজনক হলেও সত্য, ওরহান গাজীকে নিয়ে নির্মিত ‘সুলতান ওরহান’ তুর্কি সিরিজে স্বয়ং ওরহান গাজীর ইতিহাস বিকৃতি নজরে এসেছে অনেক দর্শকের। বলা বাহুল্য, দিরিলিস আরতুগ্রুল এবং কুরুলুস ওসমানের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় দুটি সিরিজ প্রায় এক যুগ ধরে সফলভাবেই পরিচালনা করেছিল তুর্কি নির্মাতা মেহমেত বোজদাগের প্রোডাকশন।
সেই একই বোজদাগ প্রোডাকশন আরতুগ্রুল ও ওসমানের পর ক্রমান্বয়ে ওরহানকে নিয়ে সিরিজ পরিচালনার পরিকল্পনা করে গত বছর।ফলে প্রায় ১ বছর ধরে সুলতান ওরহান সিরিজের ২৬টি এপিসোড রিলিজ হয়।
সূত্র: প্রথম আলো