৯ কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। কোথাও খানাখন্দ, কোথাও কাদা, আবার কোথাও ইটের খোয়া ফেলে কাজ বন্ধ রাখা হয়েছে। ফলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরসহ অন্তত তিনটি ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। সড়কের বেহাল নিয়ে একজন বাসিন্দাকে মাইকিং করে জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে। এটি শুধু অভিনব প্রতিবাদ নয়; দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতারও করুণ চিত্র।
একটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ার পরও যখন কর্তৃপক্ষের টনক নড়ে না, তখন মানুষকে এভাবেই নিজের দুর্ভোগের কথা জানাতে হয়। সড়কটির সংস্কারকাজের চুক্তিমূল্য ১৮ কোটি টাকা। ২০২৩ সালের নভেম্বরে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০২৫ সালের মার্চ। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের মে পর্যন্ত করা হয়। সেই সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি। এখন ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৭ সালের মে পর্যন্ত তৃতীয় দফায় সময় চেয়েছে।
অথচ এরই মধ্যে ৯ কোটি ১৮ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো