ময়মনসিংহ নগরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেটের সামনে পানিতে ভাসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি নগরের আঠারবাড়ি বিল্ডিং এলাকায় যৌথ মালিকানায় একটি জুয়েলারি দোকান পরিচালনা করতেন।তবে নিরঞ্জন চন্দ্রকে কারা ও কী কারণে হত্যা করেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।পুলিশ জানায়, ড্রামের ভেতর বস্তাবন্দী মরদেহের সঙ্গে থাকা প্যান্টের পকেটে ময়মনসিংহ হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একটি টোকেন পাওয়া যায়। ওই টোকেনের সূত্র ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
গতকাল সন্ধ্যায় পরিচয় পাওয়ার পর নিহত ব্যক্তির স্ত্রী সুমিতা রানী সূত্রধর ও ছেলে জয় সূত্রধর মরদেহ শনাক্ত করেন।নিরঞ্জন চন্দ্র সূত্রধর স্ত্রী ও সন্তান নিয়ে ময়মনসিংহ নগরের স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
সূত্র: প্রথম আলো