পাঠাগার, মিলনায়তনের অনুষ্ঠান, মাঠের আড্ডা আর আশপাশের দোকানপাট—এসব ঘিরে কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল এলাকা সব সময় জনসমাগম থাকে। সেই টাউন হলের মাঠঘেঁষা দেয়ালের বিভিন্ন স্থানে লেখা ‘সিবিকে’, ‘ডিবিএক্স’, ‘কেজিএস’। টাউন হলের সামনের ফুটপাতে পোশাক বিক্রি করেন আবদুল মোত্তালেব। নামগুলো কারা লিখল জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ওই দিকে তাকাইও না। পোলাপান ভালো না। সন্ধ্যার দিকে উঠতি বয়সী ছেলেরা মাঠে আসে।
লেখাগুলো তারাই লিখেছে।’এই তিনটি নামই কুমিল্লার কিশোর গ্যাংয়ের বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। দেয়ালে নাম লিখে নিজেদের পরিচয় জানানোর চেষ্টা। এখন দেয়ালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দল গড়া ও শক্তি প্রদর্শনের তথ্য পাওয়া যাচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে কুমিল্লা শহরে অন্তত ২০টি গ্যাং সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের প্রায় ৯ মাসে অন্তত ২৫টি আলোচিত অপরাধের ঘটনায় এসব দলের সদস্যদের নাম এসেছে।
তবে এ ধরনের অপরাধী চক্রের তৎপরতা চলছে এক দশকের বেশি সময় ধরে।
সূত্র: প্রথম আলো