মায়ের হাতের ওপর হাত রেখেছে সন্তান। পাশে দাঁড়িয়ে মা। এরপর একসঙ্গে উচ্চারণ, ‘মাদক নয়, কিশোর অপরাধ নয়; কোনো অপরাধে জড়াব না।’ মায়ের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতির মুহূর্তে বিদ্যালয়ের হলরুমে তৈরি হয় আবেগঘন পরিবেশ। কুমিল্লার লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজে আজ মঙ্গলবার দুপুরে ‘কথা দিলাম মা’ শীর্ষক অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়।
মায়েদের উপস্থিতিতে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার শপথ নেয় এবং কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ দেখায়। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি কাজী মো. বাকের হোসেন। প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম ও স্থানীয় সাংবাদিক প্রদীপ মজুমদার।চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ পাঠ করান কাওসার আলম।
সূত্র: প্রথম আলো