‘আমাকে ও মেয়েরে দেখতে মাসে দুই-তিনবার নারায়ণগঞ্জ থেইকা আমার বাপের বাড়িতে আসত। দুধের বোতল নিয়া আসত। নারায়ণগঞ্জে যাওয়ার সময় দুধ নিয়া যাইত। আজও আমার কাছে আওনের জন্য লঞ্চে উঠছে। হায় আল্লাহ, আমার স্বামীর কী হইছে। এহন আমার সাড়ে চার বছরের মেয়ের কী অইব।’ আহাজারি করতে করতে স্থানীয় সংবাদকর্মী ও লোকজনের সঙ্গে কথাগুলো বলছিলেন লঞ্চ থেকে পড়ে মেঘনায় নিখোঁজ হওয়া মো. রবিন হোসেনের (৩৬) স্ত্রী নাসরিন আক্তার।
আজ শুক্রবার বিকেল চারটায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লঞ্চঘাট এলাকায় পন্টুনে স্বামীর খোঁজে আসেন তিনি।পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসরিনের বাড়ি মতলব উত্তর উপজেলার নবীপুর গ্রামে। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকছেন তিনি। তাঁর স্বামী রবিন আজ বেলা ১১টার পর ষাটনল লঞ্চঘাট এলাকায় লঞ্চ থেকে পন্টুনে লাফ দিয়ে নামতে গিয়ে মেঘনায় পড়ে নিখোঁজ হন।
সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি।নিখোঁজ রবিন হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
সূত্র: প্রথম আলো