দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হয়ে আসছিল তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে। কেন সিনেমা দুটি প্রদর্শন করা হচ্ছে না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক তানভীর মোকাম্মেলও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’—দুটি সিনেমাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ মুক্তি পায় ২০০১ সালে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ অনেকে।
অন্যদিকে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘চিত্রা নদীর পারে’ ছবিতে অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবী প্রমুখ।‘চিত্রা নদীর পারে’ সিনেমার দৃশ্য।
সূত্র: প্রথম আলো