ভবিষ্যতে প্রতিটি স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকতে হবে বলে দলের নেতা–কর্মীদের বলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, সব সময় মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা দিতে হবে। মানুষকে সম্মান দিয়ে কথা বলাই হচ্ছে কৌশল। সংগঠনের জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের পাশে দাঁড়াতে হবে।
আজ শুক্রবার নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী দিনে জামায়াতের আমির এ কথা বলেন। আগের দিন সকালে দুই দিনের সফরে তিনি সিলেটে আসেন।শিক্ষাশিবিরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে।
সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের পাশে থেকে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।অবৈধভাবে টাকা উপার্জনের চিন্তা যেন হৃদয়ে লালিত না হয়, সংগঠনের নেতা–কর্মীদের প্রতি সে আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।
সূত্র: প্রথম আলো