ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মাছটি তালতলী (ইলিশা) মাছঘাটে আনা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। মাছঘাট সূত্রে জানা গেছে, সদর উপজেলার জেলে মো. সুলতান সরদার আজ দুপুরে জোয়ারের সময় মেঘনা নদীতে জাল ফেলেছিলেন। জাল তোলার সময় বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে এটি তালতলীর ফকির দালালের আড়তে তোলা হয়।
সেখানে উপস্থিত আড়তদার ও স্থানীয় ক্রেতারা দর হাঁকতে থাকেন। শেষ পর্যন্ত ১৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়। পরে ১৮ জন মিলে এটি ভাগ করে নেন।মেহেদী হাসান ভুঁইয়া, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, ভোলা সদর উপজেলানদীতে প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে ব্ল্যাক কার্প দ্রুত বৃদ্ধি পায় এবং ৩০ কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। পুকুরে সাধারণত ১০ থেকে ১২ কেজি ওজনের ব্ল্যাক কার্প বেশি দেখা যায়।
বর্ষা বা বন্যার সময় এ ধরনের মাছ নদীতে চলে যেতে পারে।আড়তদার লোকমান বলেন, কয়েক দিন ধরে নদীতে ইলিশের পরিমাণ কিছুটা বেড়েছে, ফলে ইলিশের দামও কিছুটা কমেছে।
সূত্র: প্রথম আলো