সারি সারি জারুল, সোনালু, রাধাচূড়া, কৃষ্ণচূড়াসহ নানা গাছে ফুল এলে বদলে যেত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেহারা। সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও ছায়াময় পরিবেশ তৈরিতে ২৬৫ কিলোমিটার মহাসড়কের সড়কদ্বীপে (আইল্যান্ড) সড়ক বিভাগ এমন সবুজায়ন করেছে। তবে বেআইনিভাবে মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই এলাকার সড়কদ্বীপ দখল করে সবজি চাষ করা হচ্ছে।
কেটে ফেলা হয়েছে শোভাবর্ধনকারী অনেক বৃক্ষ।২৭ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে বড় দারোগারহাট থেকে ধুমঘাট সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, সড়ক বিভাজকের ১১৩ স্থানে আবাদ করা হয়েছে বেগুন, ঢ্যাঁড়স, তিতা করলা, শিম, ধুন্দুল, ঝিঙে, লালশাক, পুঁইশাক, মুলাশাক, কচুমুখিসহ নানা জাতের সবজি। কোথাও লাগানো হয়েছে কলা, শজনে, আম ও কাঁঠালের চারা।
এসব স্থানে সবজির জমি তৈরি করতে বকুল, রাধাচূড়া , কাঞ্চন, করবী, টগর, সোনালু, জারুলসহ কাটা হয়েছে শত শত গাছ।
সূত্র: প্রথম আলো