রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার পর পরিস্থিতি আপাতত শান্ত। ফুটপাতের ব্যবসায়ী ও হকাররা সরে গেছেন।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানসহ বিএনপির নেতা-কর্মীরা এলাকায় মিছিল-স্লোগান দিয়ে ‘শোডাউন’ দিচ্ছেন।আজ বুধবার বেলা ১টার দিকে মিরপুরের হোপ মার্কেট এলাকায় যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম।
সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত। ফ্যাসিজমের দোসরেরা এই ঘটনা ঘটিয়েছে।শফিকুল ইসলাম বলেন, আজকের ঘটনাটি পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। যারা ঘটিয়েছে, তাদের আগেই প্রস্তুতি ছিল। ফ্যাসিজমের দোসরেরা এই কাজ করেছে।ডিএনসিসির প্রশাসক বলেন, ‘আমি মিরপুরের সন্তান। জন্ম আমার এখানে। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আমি একজন রাজনৈতিক কর্মী, জনসেবার দায়িত্ব নিয়েছি।’এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযান শুরুর একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ডিএনসিসির গাড়িতে হামলা চালান।
সূত্র: প্রথম আলো