মিরপুর ১ নম্বর–সংলগ্ন ফুটপাতে একসময় ব্যবসা করতেন মফিজ উদ্দিন আহম্মেদ। তখন সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সদস্য হয়েছিলেন তিনি। ১৫ বছর আগে ব্যবসা ছাড়লেও তিনি এখনো এই সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য।গতকাল মঙ্গলবার বিকেলে মফিজ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, অনেক আগে এই সমিতির সদস্য হয়েছিলেন তিনি, এখন আর সক্রিয় সদস্য নন। বয়স ৭০ বছরের বেশি, স্বাভাবিক চলাফেরাও তেমন করতে পারেন না। সমিতির সভায়ও যেতে পারেন না।
সমিতির সভাপতি ও সম্পাদক তাঁর নাম ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত করেছেন বলে জানান মফিজ উদ্দিন।গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামটি আলোচনায় আসে। কয়েক ঘণ্টা ধরে দুই থেকে আড়াই শ দুর্বৃত্ত ভাঙচুর, লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রে এ সমিতির সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয়।
আর সমিতির কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয় মিরপুর ১ নম্বর–সংলগ্ন বৈশাখী সুপারমার্কেট।
সূত্র: প্রথম আলো