বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অংজাই পাড়ার মেয়ে নাইসাংথুই মারমা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে। ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা নাইসাংথুইয়ের চোখে রয়েছে সুন্দর একটি স্বপ্ন—ভবিষ্যতে একজন ভালো নার্স হয়ে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা।নাইসাংথুইয়ের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
প্রতিদিন আঁকাবাঁকা ও দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্কুলে আসা তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর। দীর্ঘ পথ ও যাতায়াতের সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসাও কঠিন হয়ে পড়েছিল তার। তবে পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও নিজের স্বপ্ন পূরণের ইচ্ছা তাকে থামিয়ে রাখতে পারেনি।দূরত্ব ও যাতায়াতের সমস্যা বিবেচনা করে নাইসাংথুই এখন কচ্ছপতলী আলোর পাঠশালার ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছে।
এতে তার প্রতিদিনের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দেওয়ার কষ্ট অনেকটাই কমেছে।
সূত্র: প্রথম আলো