সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে আজ বুধবার ময়মনসিংহ ও জামালপুরে অনশন কর্মসূচি পালন করা হয়েছে।নিয়োগের তালিকায় না থাকা ১১ জন প্রার্থী ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলে ময়মনসিংহ জেলায় ২৫৯ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, তাঁদের ১৮ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখনো ২২ জনের নিয়োগ স্থগিত রয়েছে।ওই ২২ জনের মধ্যে ১১ জন আজ বেলা ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে বসেন। ওই প্রার্থীরা বলছেন, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার তথ্যও তাঁদের জানা নেই।
সূত্র: প্রথম আলো