দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ রোগ নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হলো। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা ৭৯ হাজার ৬২০। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু নিয়ে মৃত্যু ও নতুন করে আক্রান্ত হওয়ার এসব ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ৩৪৩ জন ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২০ জন ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটির বাইরে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশালে ২১২, রাজশাহীতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ২১০, ঢাকা উত্তর সিটিতে ১৮৯, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ ও সিলেট বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্র: প্রথম আলো