শিক্ষকদের ব্যস্ততা, শিক্ষার্থীদের কোলাহল—বিদ্যালয়ের প্রতিদিনের এই চেনা দৃশ্যের আড়ালে ছিলেন শেফালী বেগম। পদে তিনি ছিলেন আয়া। ৩৪ বছর ধরে সেই দায়িত্ব পালন করতে করতে শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে হয়ে উঠেছিলেন ‘শেফালী খালা’। কারও টিফিনের খোঁজ নেওয়া, অসুস্থ শিক্ষার্থীকে আগলে রাখা কিংবা ছোটখাটো ভুলত্রুটি মমতা দিয়ে বুঝিয়ে দেওয়া—বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল চাকরির চেয়ে অনেক বেশি।
নওগাঁ সদর উপজেলার ফতেপুর (১ম) উচ্চবিদ্যালয়ে আজ বুধবার ছিল শেফালী বেগমের শেষ কর্মদিবস। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এমন বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেফালী বেগম।
কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থীও।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর-ই-আলম মিঠু।
সূত্র: প্রথম আলো