হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ জন মারা গেছে। তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। এ ছাড়া নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ও হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৭ জন।
হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে ১০১ জনের। সব মিলিয়ে মারা গেছে ১ হাজার ১০৮ জন।হামে মৃত্যু ও আক্রান্ত সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগে হামে মৃত্যু হয়েছে ৫১৬ জনের। পাশাপাশি ৮১ হাজার ৬০ জনের হামের উপসর্গ দেখা গেছে। হাম শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৩৫৫ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৮১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
এ ছাড়া রাজশাহীতে ৯৬ জন, চট্টগ্রামে ৯৫ জন ও ময়মনসিংহে ৮২ জনের মৃত্যু হয়েছে হামে।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত হিসাবে বয়সভিত্তিক তথ্য থাকে না।
সূত্র: প্রথম আলো