প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্ক সফরের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্রিয় উপস্থিতির বার্তা গেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, চার দিনের এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়েছে। এর মধ্যে ১১ দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন এ কথা বলেন। তিনি জানান, সফরে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের মধ্যে প্রধানমন্ত্রী ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এর বাইরে তাঁর প্রতিনিধিদলের সদস্যরা প্রায় ৫০টি পৃথক বৈঠকে অংশ নেন।মাহদী আমিন বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফিরে আসায় দুই দিন সময় লেগেছে।
মাঝের চার দিনে প্রধানমন্ত্রী যে ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন, তার মধ্যে ৮টি সরাসরি জাতিসংঘ সদর দপ্তরের মূলধারার সঙ্গে সম্পর্কিত ছিল।
সূত্র: প্রথম আলো