পাহাড়ি পরিবেশ ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী আলোর পাঠশালার বৌদ্ধধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ সেপ্টেম্বর উদযাপন করেছে তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা ও ঐতিহ্যবাহী নতুন ফলের উৎসব। উৎসবের দিন সকালে শিক্ষার্থীরা নতুন ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করে নিজ নিজ স্থানীয় বিহারে সমবেত হয়।
সেখানে শুরুতেই বিশ্বশান্তি, সকল প্রকার রোগ-ব্যাধি থেকে মুক্তি এবং মানবজাতির মঙ্গল কামনায় পরম বুদ্ধের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন, পদ্ম ও শাপলা ফুল দান এবং পঞ্চশীল গ্রহণের মাধ্যমে সূচনা ঘটে মূল ধর্মীয় আচারের।পরবর্তীতে বিহারের ধর্মীয় গুরু 'ভান্তে' উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ধর্মদেশনা প্রদান করেন।
দেশনায় গৌতম বুদ্ধের জীবনে মধু পূর্ণিমার ঐতিহাসিক গুরুত্ব, দানশীলতা ও নৈতিকতার বার্তা তুলে ধরা হয়।
সূত্র: প্রথম আলো