কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে বন্দীদের মৃত্যুর যে পরিসংখ্যান, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। প্রথম আলোর খবর জানাচ্ছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৫ বছর ৯ মাসে মোট ১ হাজার ২৩৫ জন বন্দীর মৃত্যু হয়েছে, যার ৩০০ জনই মারা গেছেন কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অনেকে মারা যাচ্ছেন। অনেক ক্ষেত্রেই বন্দীদের বয়স বেশি নয়, অর্থাৎ অকালমৃত্যু হচ্ছে তাঁদের।
এসব তথ্য শুধু উদ্বেগজনক নয়; কারাগারে থাকা বন্দীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র ও সরকারের যে দায়িত্ব ও অঙ্গীকার, তার গুরুতর লঙ্ঘনও।২০১৫ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বন্দীদের প্রতি আচরণের জন্য ন্যূনতম মানদণ্ডবিষয়ক রেজোল্যুশন গ্রহণ করা হয়। সেখানে স্পষ্ট করে বলা আছে, বন্দীকে অমানবিক পরিবেশে রাখা, প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা, তাঁর মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই শাস্তির অংশ হতে পারে না।
বাংলাদেশের কারা অধিদপ্তরের ওয়েবসাইটেও বন্দীদের সঙ্গে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাঁদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো