রাজশাহীর বাগমারায় আগুনে এক কৃষকের বাড়িঘর সব পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঝিকড়া ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ওই কৃষক পরিবারের। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে সাতটায় রাজারামপুর গ্রামের কৃষক শাহাদুল হোসেনের বাড়িতে আগুন ধরে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন প্রথম দেখা যায় ঘরের চালায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।আগুনে পুড়ে যাওয়া কৃষক শাহাদুলের বাড়িপরে খবর দেওয়া হয় বাগমারা ফায়ার স্টেশনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ততক্ষণে বাড়িতে থাকা ৪৫ মণ পেঁয়াজ, ঘরের যাবতীয় আসবাব ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া একটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।সরেজমিন দেখা যায়, তিন কক্ষের ঘরের সবকিছু পুড়ে গেছে।
সূত্র: প্রথম আলো