ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’লেখা নামফলক দুই দিন আগে সরিয়ে ফেলা হলেও এখনো সেখানে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’লেখা নামফলক স্থাপন করা হয়নি। এই নামফলক কবে বসানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি হল প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সিনেটে হলটির নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে প্রশাসনিকভাবে হলটির আগের নামই বহাল রয়েছে।
হল প্রশাসনও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পুরোনো নাম বহাল রাখার বিষয়ে একমত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, ‘সিনেটে হলের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। সেহেতু নিয়ম অনুযায়ী আগের নামই বহাল থাকবে।’সহ-উপাচার্য বলেন, সম্প্রতি হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছে।
প্রশাসনিকভাবে যে নামটি রয়েছে, সেটিই বহাল রাখার বিষয়ে একমত হয়েছে বলে হলের প্রাধ্যক্ষ তাঁকে জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো