প্রায় একই রকম দেখতে। একই রঙের পোশাক, সাজটাও একই। এমনকি তাদের ব্যবহৃত পার্সের (হাতব্যাগ) রংটাও এক। যমজ বোনের দেখা মিলল যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে। সাবিহা রহমান ও সামিহা রহমানকে আজ শুক্রবার সকাল সকাল অনুষ্ঠান প্রাঙ্গণে পৌঁছে দিয়ে যান বাবা সাইদুর রহমান। দুজনই একসঙ্গে অনুষ্ঠানস্থলে অন্য বান্ধবীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে।
কেউ কেউ ব্যস্ত হয়ে পড়ে সেলফি তুলতে। অনেক দিন পর বন্ধুদের পেয়ে অন্য রকম উচ্ছ্বাস! সামিহা রহমান বলল, ‘শিখো–প্রথম আলো প্রতিবছর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় আমরা জানতাম। বড় বোনদের দেখে আমরাও স্বপ্ন দেখতাম কবে সংবর্ধনা পাব। অবশেষে আমরা দুই বোন একসঙ্গেই পরীক্ষা দিয়েছি, জিপিএ–৫ পেয়েছি। অনুষ্ঠানে যোগ দিয়ে অনেক দিন পর আমাদের অন্য বান্ধবীদের দেখা পেয়েছি।
এটা সত্যিই এক অন্য রকম অনুভূতি!’সংবর্ধনায় আসতে পেরে উচ্ছ্বসিত আরেক বোন সাবিহা রহমানও।
সূত্র: প্রথম আলো