সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছিল।
আজ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ (বিজি-৩৩৮) থেকে যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়।
সূত্র: প্রথম আলো