উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কিছুটা হ্রাস করতেই ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘বর্তমানে ব্যাংকঋণের বিদ্যমান সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এ ধরনের উচ্চ ব্যয়ে ব্যবসা পরিচালনা করে সফল হওয়া উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করেছি।’বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর মো. মোস্তাকুর রহমান এসব কথা বলেন।
রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ী, চেম্বার নেতা, সরকারি ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক প্রমুখ।
সূত্র: প্রথম আলো