ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার রাত ১০টার দিকে তিনি বিমানবন্দরে যান। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রীর এই পরিদর্শন ছিল আকস্মিক। পরিদর্শনের সময় তিনি লাগেজ বেল্ট এলাকায় গিয়ে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন।
উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা কেমন—এসব বিষয়ে জানতে চান তিনি।যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীর কাছে সন্তুষ্টির কথা জানান বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন এম রশিদুজ্জামান মিল্লাত।
সূত্র: প্রথম আলো