বিজয় সালগাঁওকরের গল্প শেষ। কিন্তু তাঁকে ঘিরে দর্শকের কৌতূহল শেষ হয়নি; বরং ‘দৃশ্যম’ সিরিজের শেষ অধ্যায় শুরু হয়েছে আগের দুই কিস্তির চেয়ে অনেক বড় পরিসরে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, মোট আয় ৮০ কোটি ১০ লাখ। বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি।
অর্থাৎ প্রথম দিনেই অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হয়ে গেছে ছবিটি। পাশাপাশি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হিন্দি সিনেমার উদ্বোধনও এটি। অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড ৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শুরু করে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে অজয় দেবগনের আগের সব বড় ওপেনারকে। এত দিন শীর্ষে ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’। রোহিত শেঠির সেই ছবির প্রথম দিনের ভারতীয় আয় ছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।
অজয়ের পরের বড় ওপেনার ‘সিংহাম রিটার্নস’—৩২ কোটি ১০ লাখ, ‘গোলমাল এগেইন’—৩০ কোটি ১৫ লাখ এবং ‘রেইড ২’—১৯ কোটি ২৫ লাখ রুপি।
সূত্র: প্রথম আলো