২০২১ সালের ১৫ অক্টোবরের বিকেল। সমুদ্রসৈকতে ফুটবল খেলছিল একদল কিশোর। এরপর শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি। আবদুল ছবুরের ছেলেও সেখানে খেলছিল। ছেলেকে আনতে তিনি সেখানে যান। পরে তাঁর চোখের সামনেই ছেলের সঙ্গে থাকা এক বন্ধুর বজ্রপাতে মৃত্যু হয়। ভাগ্যক্রমে তাঁর ছেলে বেঁচে যায়।আবদুল ছবুরের বয়স প্রায় ৪০ বছর। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার বাসিন্দা।
চোখের সামনে ছেলের বন্ধুকে মারা যেতে দেখে ভেঙে পড়েছিলেন তিনি। এরপরই বজ্রপাতে মৃত্যু কমাতে করণীয় কিছু করার সিদ্ধান্ত নেন। পরে জানতে পারেন তালগাছ বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমায়। তাই তিনি নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় তালবীজ রোপণ করতে শুরু করেন। এর মধ্যে ২১ হাজার তালবীজ রোপণ করেছেন তিনি। ৩০ হাজার তালবীজ রোপণের লক্ষ্য রয়েছে তাঁর।গত রোববার বিকেলে রায়পুর এলাকার দোভাষী বাজার-বাইন্যার দিঘি সড়কে গিয়ে কথা হয় ছবুরের সঙ্গে।
তখন তিনি তালবীজ রোপণের কাজে ব্যস্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো