সাতক্ষীরা শহরে দোকানদারের সঙ্গে কয়েকজন তরুণের মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা সদরের বেকারি ব্যবসায়ী আবদুল গফুরের ছেলে।
তিনি সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর মামাতো ভাই।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া তাঁর মামার দোকানে গিয়েছিলেন। দোকান বন্ধ হওয়ার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি জটলা দেখতে পান। সেখানে কয়েকজন তরুণকে এক দোকানদারের সঙ্গে মারামারি করতে দেখে জাকারিয়া তাঁদের থামাতে যান।
এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সূত্র: প্রথম আলো