রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রজেক্টে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।আজ শনিবার ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসলেহ উদ্দিন আহমদ এ কথা বলেছেন।চুনকুটিয়াতে ঝিলমিল প্রজেক্টে ডিপো হিসেবে ১০ একর জায়গা পাওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সেখানে অলরেডি সরকার আমাদের অনুমতি দিয়েছে, আমরা সেখানে ডিপোর কাজ শুরু করেছি।
রাজউকের মাধ্যমে সেখানে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো করা হবে।’দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকসহ সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘সেখানে মাল্টিমডেল একটি ট্রান্সপোর্ট হাব হবে।
সূত্র: প্রথম আলো