কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যাগাজিনটির সেপ্টেম্বর সংখ্যা ঘিরে বিশেষ পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এতে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের সদস্যরাও অংশ নেন। পাঠ, আলোচনা ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে ১ অক্টোবর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পাঠচক্রের এই আসর।কিশোর আলোর সেপ্টেম্বর সংখ্যার বিভিন্ন লেখা পাঠ করে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরেন বন্ধুসভা ও সাহিত্য সংসদের সদস্যরা।
গল্প, প্রবন্ধ, বিজ্ঞানভিত্তিক লেখা, রম্যরচনা, সাহিত্য ও কিশোর উপযোগী বিভিন্ন আয়োজন নিয়ে চলে প্রাণবন্ত আলোচনা। অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দের লেখা নির্বাচন করে এর বিষয়বস্তু, ভাষা, উপস্থাপনশৈলী ও পাঠকের ওপর এর প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।আলোচনায় উঠে আসে কিশোর আলোর সঙ্গে কয়েক প্রজন্মের পাঠকের দীর্ঘ সম্পর্কের কথাও।
অংশগ্রহণকারীরা বলেন, একটি সাময়িকী শুধু বিনোদনের মাধ্যম নয়; নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, কৌতূহল সৃষ্টি এবং নিজের চারপাশকে নতুন করে দেখার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে।
সূত্র: প্রথম আলো